| বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 51 বার পঠিত | পড়ুন মিনিটে

ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে কেক কেটে পালিত হয়েছে উত্তরাঞ্চলের জনপ্রিয় দৈনিক যুগের আলো পত্রিকার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকাটির জেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার গণমাধ্যমকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক সমাজ।
পত্রিকাটি গৌরবময় ৩৩ বছর অতিক্রম করে ৩৪ বছরে পদার্পণ করেছে। “আমরা মানবতার পক্ষে”—এই স্লোগানকে ধারণ করে যুগের আলো পত্রিকাটি উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণির বাংলা দৈনিক হিসেবে স্বীকৃতি পেয়েছে।
পত্রিকাটির বর্তমান প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মমতাজ শিরীন ভরসা। আর এর প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম রহিম উদ্দিন ভরসা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মুনসুর আলী, সাপ্তাহিক সংগ্রামী বাংলার প্রকাশক ও সম্পাদক আব্দুল লতিফ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু সহ জেলা উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, “যুগের আলো দীর্ঘদিন ধরে সাহসী, নিরপেক্ষ ও মানবিক সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও পত্রিকাটি জনমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করে যাবে—এই প্রত্যাশা আমাদের।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয় এবং আগামীর পথচলার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।



