মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রথমবারের মতো মসজিদ পরিদর্শন করলেন পোপ লিও

  |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   190 বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথমবারের মতো মসজিদ পরিদর্শন করলেন পোপ লিও

শনিবার তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক নীল মসজিদ পরিদর্শন করেন পোপ লিও

-সংগৃহীত

নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো মসজিদ পরিদর্শন করলেন রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান পোপ লিও চতুর্দশ। শনিবার তিনি তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক নীল মসজিদ (ব্লু মস্ক) বা সুলতান আহমেদ মসজিদ পরিদর্শন করেন।

এ সময় তিনি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে জুতা খুলে মসজিদে প্রবেশ করেন। তবে সেখানে প্রার্থনা করেননি।

স্থানীয় মুসলিম নেতাদের সঙ্গে পোপ লিও মসজিদের আঙিনা দিয়ে হেঁটে ভেতরে প্রবেশ করেন এবং জুতা খুলে পুরো মসজিদ ঘুরে দেখেন।

ঐতিহাসিক নীল মসজিদ (ব্লু মস্ক) সপ্তদশ শতাব্দীর অটোমান স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। এর দেয়াল ও গম্বুজ ফিরোজা রঙের সিরামিক টাইলস দিয়ে সজ্জিত।

মসজিদের মুয়াজ্জিন আশগিন তুনকা জানান, তিনি পোপকে প্রার্থনা করার প্রস্তাব দিয়েছিলেন। তুনকা বলেন, “আমাকে বলা হয়েছিল, পোপ এখানে প্রার্থনা করবেন। তাই আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি প্রার্থনা করতে চান কি না। তবে তিনি বলেছিলেন, “না, আমি শুধু ঘুরে দেখব।”

এ সফরের পর ভ্যাটিকান প্রেস অফিস একটি ভুল বিবৃতি পাঠিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। বিবৃতিতে বলা হয়েছিল, পোপ মসজিদে প্রার্থনা করেছেন এবং তুরস্কের রাষ্ট্র পরিচালিত ধর্মীয় সংস্থার প্রধান তাকে স্বাগত জানিয়েছেন। যদিও এর কোনওটিই ঘটেনি। ভ্যাটিকান পরে স্বীকার করে যে, প্রার্থনার কথা উল্লেখ করা বিবৃতিটি ভুলবশত পাঠানো হয়েছিল।

পোপ লিও হলেন নীল মসজিদ পরিদর্শনকারী তৃতীয় পোপ। এর আগে ২০১৪ সালে পোপ ফ্রান্সিস ওই মসজিদে দুই মিনিট নীরবে প্রার্থনা করেছিলেন। তার আগে ২০০৬ সালে পোপ বেনেডিক্ট ষোড়শ সেখানে কিছুক্ষণ প্রার্থনা করেছিলেন। এটিকে অনেকে প্রথম কোনও পোপের মসজিদে প্রার্থনা করার ঘটনা হিসেবে দেখেন।

প্রথম পোপ হিসেবে জন পল দ্বিতীয় ২০০১ সালে সিরিয়ার একটি মসজিদ পরিদর্শন করেছিলেন। ৬০ বছর ধরে ক্যাথলিক চার্চ মুসলিম বিশ্বের সঙ্গে সক্রিয় সংলাপ চালিয়ে যাচ্ছে।

শনিবার বিকালে পোপ লিও তুরস্কের স্থানীয় খ্রিস্টান চার্চগুলোর নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর তিনি ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা প্যাট্রিয়ার্ক বার্থোলোমিউ প্রথমের সঙ্গে সেন্ট জর্জের প্যাট্রিয়ার্কাল চার্চে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন।

সূত্র: বিবিসি, আল-জাজিরা, ভ্যাটিকান নিউজ, ন্যাশনাল ক্যাথলিক অনলাইন

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com