বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশে ফিরতে ‘ট্রাভেল পাসের’ জন্য আবেদন করেছেন তারেক রহমান

  |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   47 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশে ফিরতে ‘ট্রাভেল পাসের’ জন্য আবেদন করেছেন তারেক রহমান

লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান , ছবি : সংগ্রহ

-সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরতে ‘ট্রাভেল পাসের’ জন্য আবেদন করেছেন। তিনি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে এ আবেদন করেছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে একটি সূত্র প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, তারেক রহমানের ট্রাভেল পাসের আবেদন এরই মধ্যে বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়া হয়েছে।

রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমান মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি। গত বছর অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি। বর্তমান পরিস্থিতিতে এ কারণেই বাংলাদেশি হিসেবে তাঁকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে।

গত মাসে ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌ‌হিদ হোসেন বলেছিলেন, ‘তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, এক দিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব।’ এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘নিয়ম হচ্ছে যে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদোত্তীর্ণ হয়েছে বলে, তখন কেউ যদি আসতে চান, তাহলে তাঁকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই, একবার দেশে আসার জন্য। তো এটাতে এক দিন লাগে। কাজেই এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল হয়তো আমরা এটা দিলে পরশু দিন প্লেনে উঠতে পারবেন। কোনো অসুবিধা নেই। এটা আমরা দিতে পারব।’

তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এর পর থেকে তিনি সে দেশেই আছেন।

১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই দিন বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন।

তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আজ বলেন, ‘আমরা চাই, তাঁর (তারেক রহমান) এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসে যেভাবে, যা কিছু দৃষ্টান্ত হয়েছে, তাকে ছাড়িয়ে যায় এবং আগামী ৫৫ বছরের ইতিহাসেও যেন সে রকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সে রকম একটা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সব আয়োজন হচ্ছে।’

তারেক রহমানের মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তারেক রহমান দেশে ফিরে সরাসরি হাসপাতালে মাকে দেখতে যেতে পারেন। তাই তারেক রহমান দেশে ফেরার পর তাঁকে সংবর্ধনা দেওয়ার জন্য বিমানবন্দর ও এভারকেয়ার হাসপাতালের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com