| বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 29 বার পঠিত | পড়ুন মিনিটে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি (সহ-সভাপতি), জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) প্রার্থীরা জয়লাভ করেছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৮টির ফলাফল ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে ঘোষিত ৩৮টি কেন্দ্রের ফলাফলে দেখা যাচ্ছে, সহ-সভাপতি (ভিপি) পদে রিয়াজুল ইসলাম (শিবির সমর্থিত) ৫৫৮২ ভোট পেয়ে এগিয়ে আছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম রাকিব (ছাত্রদল-ছাত্র অধিকার সমর্থিত) পেয়েছেন ৪৬৮৮ ভোট।
দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৮৯৪। ভোটের ব্যবধান হিসেব করলে দেখা যায় বাকি একটি কেন্দ্রের সব ভোটও যদি একেএম রাকিব পান তারপরও রিয়াজুল জয়ী হবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে সহ-সভাপতি (ভিপি) পদে এগিয়ে থাকা রিয়াজুল ইসলাম ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী।
জকসু নির্বাচনে দ্বিতীয় শীর্ষ পদ নির্বাচনে সাধারণ সম্পাদকে (জিএস) পদে ৫৪৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২১৯৭ ভোট। এখানেও দেখা যায়, বাকি একটি কেন্দ্রের ভোট জয় পরাজয়ে ভূমিকা রাখবে না।
তৃতীয় শীর্ষ পদ সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা।
তিনি পেয়েছেন ৫০০২ ভোট। একই পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৩৯৮৪ ভোট। এই পদেও নিজের জয় নিশ্চিত করেছেন শিবির সমর্থিত মাসুদ রানা।
উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়।



