| শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 33 বার পঠিত | পড়ুন মিনিটে

যে জুতাকে একটি গণমাধ্যম ছেড়া জুতা হিসেবে উল্লেখ করেছে | ছবি: সংগৃহীত
-সংগৃহীত
সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভিতে প্রকাশিত একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ওই প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিহিত জুতাকে “ছেড়া জুতা” হিসেবে উল্লেখ করে শিরোনাম দেওয়া হয় ‘এক ছেড়া জুতোতেই লন্ডন-বাংলাদেশ, তারেক রহমানের সাধারণত্বে মুগ্ধ নেটিজেনরা’।
তবে বাস্তবতা হলো, তারেক রহমানের পরা জুতাটি আদৌ ছেড়া নয়। জুতাটির যে অংশকে ‘ছেঁড়া’ বলে উপস্থাপন করা হয়েছে, সেটি আসলে জুতার ডিজাইনের অংশ।
নাইকির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, জুতাটির মডেল হলো নাইকি রেভ্যুলিউশন ৭ মেনস রানিং শুজ। এই মডেলের জুতায় হালকা ও শ্বাসপ্রশ্বাসযোগ্য নকশার জন্য উপরের অংশে বিশেষ কাট ও টেক্সচার ব্যবহার করা হয়, যা অনেক সময় দূর থেকে বা ছবিতে দেখলে ছেঁড়া মনে হতে পারে।
মূল্য সংক্রান্ত বিষয়ে জানা যাচ্ছে, আন্তর্জাতিক বাজারে এই জুতার দাম সাধারণত মধ্যম পর্যায়ের রানিং শু-এর মধ্যে পড়ে।
বাংলাদেশি টাকায় রূপান্তর করলে জুতাটির দাম প্রায় ৯ থেকে ১০ হাজার টাকার কাছাকাছি হতে পারে। তবে ডলার রেট ও আমদানি খরচের ভিন্নতার কারণে সঠিক মূল্য ভিন্ন হতে পারে এটি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
বিশ্লেষকদের মতে, যাচাই ছাড়া এমন উপস্থাপন শুধু বিভ্রান্তি সৃষ্টি করে না, বরং সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে অনেকেই এই খবরকে ‘ভুল তথ্যভিত্তিক’ ও ‘অতিরঞ্জিত’ বলে সমালোচনা করছেন। একজন রাজনৈতিক নেতার যাপিত জীবনকে অতিরঞ্জিত করে তোলার প্রয়াস হিসেবে মনে করছেন অনেকে।
সামাজিক মাধ্যমে এই খবর নিয়ে অনেকে তীব্র সমালোচনা করছেন। তারা বলছেন, এ ধরনের খবর প্রচারের ঘটনায় আবারও প্রমাণিত হলো, অনুমানের ভিত্তিতে সংবাদ পরিবেশন না করে যথাযথ তথ্য যাচাই করা সংবাদমাধ্যমের দায়িত্ব। কাউকে মহান করা বা কাউকে হেয় করা গণমাধ্যমের কাজ নয়।



