| মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 58 বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশের সংবাদকর্মীদের মাঠে বসে টি-২০ বিশ্বকাপের খেলা কাভার করা হচ্ছে না। গতকাল বাংলাদেশের যেসব মিডিয়াকর্মী টি-২০ বিশ্বকাপের খেলা কাভারের জন্য আবেদন করেছিলেন, তাদের সবাইকে রিজেক্ট বা প্রত্যাখ্যান করেছে আইসিসি।
ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলো কাভার করার জন্য বাংলাদেশ থেকে শতাধিক সংবাদকর্মী আবেদন করেছিলেন। গতকাল সবাইকে একসঙ্গে প্রত্যাখ্যান করেছে আইসিসি। ই-মেইল করে আবেদনকারীদের এ খবর জানিয়ে দেয় সংস্থাটি। অবশ্য এর কোনো কারণ ব্যাখ্যা করেনি আইসিসির টিম অ্যাক্রিডিটেশন।
৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ১৬ জাতির টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশের অংশগ্রহণের কথা ছিল। কিন্তু নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। আইসিসিকে চিঠি লিখে নিজেদের অবস্থান পরিষ্কার করে বাংলাদেশ। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের খেলাগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের। আইসিসি বাংলাদেশের নিরাপত্তায় জোরালো কোনো সমস্যা দেখেনি। সেজন্য ভারতের মাটি থেকে শ্রীলঙ্কায় সরাতে রাজি হয়নি। শুধু তাই নয়, ভারতের মাটিতে খেলার জন্য বাংলাদেশকে ২১ জানুয়ারি সময়সীমা বেঁধে দেয়। ভারতে না খেলার বিষয়ে বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকে। শেষ পর্যন্ত বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে টি-২০ বিশ্বকাপ খেলার সুযোগ করে দেয় আইসিসি।



