| রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 73 বার পঠিত | পড়ুন মিনিটে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল এবং ঠিকাদারদের অধিকার রক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। বহু প্রতীক্ষার পর ঘোষিত হয়েছে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঠিকাদার সমিতি’র ২০২৬-২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি। নতুন নেতৃত্বে একঝাঁক অভিজ্ঞ ও তরুণ উদ্যোক্তার সমন্বয় ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উন্নয়ন সহযোগীদের শীর্ষ সংগঠন ‘ডিএসসিসি ঠিকাদার সমিতি’র নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার নগর ভবন থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মুকিতুল আহসান রঞ্জু এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান লিটু।
নগর ভবন ও ঠিকাদার মহলে অত্যন্ত পরিচিত মুখ মুকিতুল আহসান রঞ্জু সভাপতি নির্বাচিত হওয়ায় সাধারণ সদস্যদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। অন্যদিকে সাংগঠনিক দক্ষতাসম্পন্ন মেহেদী হাসান লিটু সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় সমিতির প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আসবে বলে আশা করা হচ্ছে।
নবগঠিত এ কমিটিতে গুরুত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ ও প্রবীণ ঠিকাদারদের। সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শওকত আলী বাবু।
এ ছাড়া সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান প্যারট, জাকির আহম্মেদ বাবু, মো. আব্দুল বারেক, আজিম উদ্দিন নয়ন, সাবরিনা ইয়াসমিন ও শফিকুর রহমান।
কমিটির সাংগঠনিক ভিত মজবুত করতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদ আহম্মেদ এবং সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহিদ মাহবুব রাশেদ। সমিতির সদস্যদের বিনোদন ও সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনার জন্য ক্রীড়া সম্পাদক পদে কামরুল ইসলাম খান রিয়াজ এবং সাংস্কৃতিক সম্পাদক পদে হানিফ খান নয়ন দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান ভূইয়া রিপন।
কমিটির নীতিনির্ধারণী বিষয়ে পরামর্শ ও সক্রিয় ভূমিকার জন্য কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে চারজন অভিজ্ঞ ব্যক্তিকে। তারা হলেন নজরুল ইসলাম, মাহবুবুল আলম, খন্দকার মো. জালাল রিমু ও গোলাম রাব্বানী ভূইয়া স্বপন।
নগর ভবন থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ডিএসসিসির কাজের পরিধি ও এলাকাগত বিশালতা বিবেচনায় নিয়ে অঞ্চলভিত্তিক (১ থেকে ১০) নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে এ ১০টি অঞ্চলের পৃথক কমিটি ঘোষণা করা হবে, যা মাঠপর্যায়ের ঠিকাদারদের সমস্যা নিরসন ও উন্নয়ন কাজের তদারকিতে কার্যকর ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সভাপতি মুকিতুল আহসান রঞ্জু এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, তাদের প্রধান লক্ষ্য হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উন্নয়ন কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ঠিকাদারদের ন্যায্য পাওনা ও অধিকার আদায়ে কাজ করা। সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটু বলেন, অঞ্চলভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে তারা সংগঠনের শিকড় আরও মজবুত করবেন।
ডিএসসিসি ঠিকাদার সমিতির এ নতুন কমিটি গঠনের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্পে দীর্ঘসূত্রতা কমবে এবং ঠিকাদার ও প্রশাসন সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে নগর পরিকল্পনাবিদরা মনে করছেন। বিশেষ করে ১০টি অঞ্চলের নতুন কমিটি গঠনের যে সময়সীমা দেওয়া হয়েছে, তা তৃণমূল পর্যায়ের ঠিকাদারদের সংগঠিত করার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।



