| মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 74 বার পঠিত | পড়ুন মিনিটে

নাটোর প্রতিনিধি :
নাটোরে ইসলামী ব্যাংকের মাধ্যমে সন্দেহভাজন অ্যাকাউন্ট থেকে মোটা অংকের টাকা ব্যাংক লেনদেন করে জামায়াত ভোট কেনার চেষ্টা করছে-এমন অভিযোগ করেছেন নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ।
মঙ্গলবার দুপুরে বিএনপি প্রার্থী এড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার নির্বাচনী কার্যালয় নাটোর শহরের আলাইপুরে সাংবাদিকদের ডেকে এসব অভিযোগ করেন ।
দুলু অভিযোগ করে বলেন,নাটোর সোনালী ব্যাংক প্রধান শাখায় ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের নামের হিসাব, ঢাকা থেকে সন্দেহভাজন অ্যাকাউন্টের প্রায় ৪ কোটি টাকা পাঠানোর হয়েছে । এমন লেনদেনের খবর জানতে নাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখায় যোগাযোগ করে জানা যায় ইতোপূর্বে এ ধরনের লেনদেনের নজির নেই বলে দাবি করেন তিনি ।
হঠাৎ করে ভোটের একদিন আগে এমন লেনদেন নিয়ে উদ্বেগ প্রকাশ করে ধানের শীষের প্রার্থী দুলু বলেন,তার শঙ্কা এই টাকা দিয়ে ভোট কেনাবেচা হতে পারে । সে কারণে তিনি ভোটের আগে এই টাকা লেনদেন বন্ধ চেয়ে নাটোর রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছেন ।
এ বিষয়ে নাটোর ইসলামী ব্যাংকের এভিপি বলেন,৪ কোটি টাকা লেনদেন তাদের ব্যাংকের জন্য তেমন কোন বড় বিষয় নয় । ভোটের মধ্যে যেহেতু ব্যাংক বন্ধ থাকবে তাই তারা এটিএম বুথের জন্য এসব টাকা চেয়েছেন । এই লেনদেনকে সন্দেহভাজন ভাবার কোন কারণ নেই বলে দাবি করেন তিনি।
নাটোর সোনালী ব্যাংক প্রধান শাখার এজিএম উজ্জল কুমার বলেন,লেনদেনটির বিষয়ে অভিযোগ পাওয়ার পর তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন । ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে ।
এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ইসলামী ব্যাংকের সন্দেহভাজন লেনদেন বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন ।
এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারকে তিনি নির্দেশনা দিয়েছেন যাতে ব্যবস্থা কর্তৃপক্ষকে অভিযোগের বিষয়টি জানিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেন ।



