| বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 73 বার পঠিত | পড়ুন মিনিটে

টিভিএস এখন প্রাণ-আরএফএলের হাতেবি, নিয়োগ করবে ৫০০ কোটি টাকা। কর্মসংস্থান হবে ৫ হাজার মানুষের, সচল হবে ডিলার পয়েন্ট, আসবে নতুন ডিলারও। সেবা পাবেন টিভিএসের পুরোনো গ্রাহকরাও। বাইসাইকেলের দামে মিলবে রাইডো স্কুটি।
মোটরসাইকেল ব্যবসায় যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। দেশে ‘টিভিএস মোটরসাইকেল’ তৈরি ও বিপণনের দায়িত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি। খ্যাতনামা এই ব্র্যান্ডটির মোটরসাইকেল তৈরিতে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন এ বিনিয়োগের মাধ্যমে পাঁচ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ-আরএফএলের নিজস্ব কারখানায় তৈরি হবে এ মোটরসাইকেল। একপর্যায়ে ইঞ্জিন থেকে শুরু করে মোটরসাইকেলের সব যন্ত্রপাতি দেশেই উৎপাদনের লক্ষ্য রয়েছে গ্রুপটির। সেজন্য ব্যাকওয়ার্ড লিংকেজেও বিনিয়োগের লক্ষ্য প্রতিষ্ঠানটির।
একই সঙ্গে নিজস্ব ব্র্যান্ডের পরিবেশবান্ধব ‘রাইডো’ ইলেকট্রিক স্কুটারও সবার মধ্যে ছড়িয়ে দিতে চায় প্রাণ-আরএফএল। বর্তমানে এই স্কুটারটির দাম ৫৫ হাজার টাকা হলেও তা ৪৫ হাজার টাকায় নামিয়ে আনতে চায় প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
তথ্যমতে, খ্যাতনামা ব্র্যান্ড ‘টিভিএস মোটরসাইকেল’ বাংলাদেশে বিপণনের দায়িত্ব পেয়েছে প্রাণ-আরএফএল। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। চলতি মাসের শেষ দিকে প্রাণ-আরএফএলের হাত ধরে টিভিএস ব্র্যান্ডের মোটরসাইকেল বাজারজাত শুরু হতে পারে। এর আগে দেশে টিভিএস মোটরসাইকেল বিপণনের দায়িত্বে ছিল র্যাংগস গ্রুপ। ব্যবসা ভালো না হওয়ায় বিপণনের নতুন দায়িত্ব পেয়েছে প্রাণ-আরএফএল।
জানতে চাইলে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রথীন্দ্র নাথ পাল (আর এন পাল) জাগো নিউজকে বলেন, ‘একসময় টিভিএস তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড ছিল। কিন্তু সময়ের সঙ্গে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে পড়ে। আমরা আমাদের কারখানায় মেড ইন বাংলাদেশ টিভিএস মোটরসাইকেল তৈরির লক্ষ্যে শিগগির কাজ শুরু করবো।’
‘এজন্য কয়েক ধাপে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। কারখানা নির্মাণে টিভিএস আমাদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। নতুন মডেল, উন্নত ব্রেকিং সিস্টেম ও বিক্রয়-পরবর্তী উন্নত সেবাদানের মাধ্যমে আমরা এ ব্র্যান্ডটি আবারও শীর্ষস্থানে নিয়ে যেতে চাই’—যোগ করেন আর এন পাল।
এ বিষয়ে আরএফএল গ্রুপের বাইক ব্যবসার প্রধান পরিচালন কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, ‘ফেব্রুয়ারির শেষ নাগাদ আমাদের হাত ধরে টিভিএস ব্র্যান্ডের মোটরসাইকেল বাজারজাত শুরু হবে। চলতি বছরই হবিগঞ্জে আমাদের নিজস্ব কারখানায় পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে আমরা আশা করছি।’
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের কারখানায় মাসে ৫০০০ ইউনিট টিভিএস মোটরসাইকেল তৈরি হবে। পরবর্তীসময়ে কারখানা সম্প্রসারণ করে এ সক্ষমতা দ্বিগুণ করা হবে।



