| রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত | পড়ুন মিনিটে

বাসার জানালার গ্রিল কেটে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি
-প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় জানালার গ্রিল কেটে একটি বন্ধ বাসা থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার চুরি হওয়ার অভিযোগ উঠেছে।
সোনাইমুড়ী কলেজ রোড সংলগ্ন বিমান টাওয়ারের পাশের ‘আনোয়ারা ভিলা’র দ্বিতীয় তলায় এই চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানাজানি হয়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে বাসা তালাবদ্ধ করে পরিবারের সবাই প্রায় সাত কিলোমিটার দূরে বাটপাড়া গ্রামে যান।
পাঁচদিন পর আজ শনিবার সকালে বাসায় ফিরে তারা দেখতে পান ঘরের স্টিলের আলমিরা ভেঙে জিনিসপত্র তছনছ করা এবং জানালার গ্রিল কাটা। আলমিরাতে রক্ষিত ২৫ ভরি স্বর্ণালংকার খোঁজাখুঁজি করেও পাননি তারা।
বাসার মালিক ফখরুল ইসলাম সাইমুন জানান, স্বজনের জানাজা ও দাফন কাজের জন্য তারা বাসা ফাঁকা রেখে গ্রামে গিয়েছিলেন। এই সুযোগে সংঘবদ্ধ চোরেরা জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে সব লুট করে নিয়ে গেছে।
এ ঘটনায় তারা চরম আতঙ্কে রয়েছেন জানিয়ে, স্বর্ণালংকারগুলো উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাসিরুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত চলছে।



